1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রদর্শনীতে প্রকল্পের গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রকল্পের গবেষক ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

১০ বছরের গবেষণায় বায়োক্রুড উৎপাদনে অগ্রগতি

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হয়েছে।

গবেষণাগারে পরিচালিত পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। এ ছাড়া ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে গবেষকরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

স্থাপন করা হবে পাইলট প্ল্যান্ট

গবেষকরা জানান, পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।

প্রস্তাবিত পাইলট প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।

আমদানি করা তেলের ১৫ শতাংশ পর্যন্ত প্রতিস্থাপনের সম্ভাবনা

গবেষকদের ধারণা, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।

তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে বৃহৎ পরিসরে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান, জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশেও এটি ভূমিকা রাখতে পারে।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট