ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামে আদালতের জারি করা স্থিতাবস্থা আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা এবং পুলিশের পক্ষ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জমির দাবিদার পান্নু ফকির। সরেজমিনে গিয়েও বিরোধপূর্ণ জমিতে নির্মাণশ্রমিকদের কাজ করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিপের ডাঙ্গী গ্রামের একটি জমি নিয়ে পান্নু ফকির ও জাহাঙ্গীর শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০১৯ সালে আদালতের শরণাপন্ন হন পান্নু ফকির। বর্তমানে জমি নিয়ে করা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন জাহাঙ্গীর শেখ।
বিষয়টি আদালতের নজরে এলে বিরোধপূর্ণ জমির ওপর উভয় পক্ষের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে পরবর্তী সময়ে আবারও নির্মাণকাজ শুরু করা হয়। এ পরিস্থিতিতে আদালত দ্বিতীয়বারের মতো ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া আদালতের আদেশে মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিজে অথবা তাঁর মনোনীত পুলিশ কর্মকর্তার মাধ্যমে পূর্বে জারি করা স্থিতাবস্থা আদেশ কার্যকর ও বজায় রাখার নির্দেশ দেন আদালত।
কিন্তু আদালতের সর্বশেষ নির্দেশনা এবং পুলিশের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার কথা বলা হলেও বিরোধপূর্ণ জমিতে কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে ৪ থেকে ৫ জন নির্মাণশ্রমিক পাকা ঘর নির্মাণের কাজ করছেন। আদালতের স্থিতাবস্থা আদেশ বহাল থাকা অবস্থায় নির্মাণকাজ চলতে থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী পান্নু ফকির আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা আদালতকে সম্মান করি। বর্তমানে আমরা কোনো কাজ করছি না। আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। আদালত যে রায় দেবেন, আমরা তা মেনে নেব।”
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, “বিরোধপূর্ণ জমিতে কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। আদালত যদি আমাকে নির্দেশ দেন, তাহলে আসামি গ্রেপ্তার করতে পারব।”
তবে আদালতের নির্দেশনা, পুলিশের বক্তব্য এবং অভিযুক্তের দাবি- সবকিছুর মধ্যে সরেজমিনে নির্মাণশ্রমিকদের কাজ করতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আদালতের জারি করা স্থিতাবস্থা আদেশ কার্যকর এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।