1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন তারেক রহমান। সফরকালে তিনি দেশটির রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করেন।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। এ বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়। পাশাপাশি ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দুটি ঋণসহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি পাওয়া যায়। বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সংগ্রহের জন্য ২ দশমিক ১২ বিলিয়ন ইয়েন পর্যন্ত অনুদান সহায়তার চুক্তিও স্বাক্ষরিত হয়।

এ ছাড়া ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, কৃষি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়। সরকারি চুক্তির পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) মাধ্যমে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

২৮ অক্টোবর টোকিওতে জেট্রোর সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগ’-এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অটোমোবাইল উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, উচ্চগতির রেল ও লজিস্টিকস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণসহ পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারের সহযোগিতা ও সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।

সফরকালে সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসো, জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা, জেবিআইসির গভর্নর কাজুহিকো আমাকাওয়া এবং জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকাসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ইউনিক্লো, মিতসুই অ্যান্ড কোং, সুমিতোমো কর্পোরেশন ও জেরার মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি।

এ ছাড়া ২৭ অক্টোবর ফুত্তসুতে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং ইচিকাওয়াতে নিতসুর লজিস্টিকস হাব পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার নাগোয়া সফরে টয়োটা মোটর কর্পোরেশনের মোতোমাচি কারখানা ও টয়োটা মেমোরিয়াল মিউজিয়াম অব ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ঘুরে দেখেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রেক্ষাপটে এ সফর গুরুত্বপূর্ণ। দুই দেশের প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দেশটির সহায়তা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট