ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের মাসে এই দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।
সোমবার (২ নভেম্বর) রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা।
বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।