জয়পুরহাটের কালাই উপজেলায় ১৪৬ জন সুবিধাভোগীর মাঝে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কালাই উপজেলা সদরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রত্যেক সুবিধাভোগীকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৪৬ জন এ সহায়তা পান।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, ছেলে তৌফিক হাসান বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার। এ ছাড়া বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।