খুলনার শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের কথিত ‘শুটার’ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জনির পিসি-প্রসিকিউশন (পিসি-পিআর) পর্যালোচনা করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিযানকারী দল।
সূত্র: এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির দেওয়া তথ্য।