ফরিদপুরের সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মানসিক ভারসাম্যহীন ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত যুবককে হাসপাতালে নেওয়ার পথেও হামলাকারীরা বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
এ ঘটনায় আহত আলমগীর বেপারীর (২৮) বাবা আব্দুস সালাম বেপারী (৬০) সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যার দিকে আলমগীর বেপারীর সঙ্গে তাঁর বড় ভাবী জেসমিনের তর্কবিতর্ক হয়। এ ঘটনার জেরে রাত আনুমানিক ৮টার দিকে জেসমিনের বাবা সাবেক ইউপি সদস্য জয়নাল খান, তাঁর ভাই তুষার খান, ইকবাল খান ও মেহেদী খানসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন ব্যক্তি আব্দুস সালাম বেপারীর বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা আলমগীর বেপারীকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
আলমগীরের চিৎকার শুনে তাঁর বাবা আব্দুস সালাম বেপারীসহ স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হন বলে অভিযোগ রয়েছে। পরে আহত আলমগীরকে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আলমগীরের বাবা আব্দুস সালাম বেপারী বলেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছেলের ওপর এমন বর্বর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের হুমকির কারণে যেকোনো সময় তাঁদের ওপর আবারও হামলার আশঙ্কা করছেন তাঁরা।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য জয়নাল খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, “ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”