শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় (২১ অক্টোবর ২০২৬) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
হলদিগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন। জব্দ করা এসব মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
বিজিবির দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।