ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দক্ষিণ গান্ধিগাঁও গ্রামে মরহুম আব্দুস সামাদ সিকদারের স্বপ্ন বাস্তবায়নে ৪০ শতাংশ জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে একটি স্থায়ী কবরস্থান। তাঁর ছেলে আইন উদ্দিন শিকদারের সহযোগিতা এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ২০২৪ সালে এ কবরস্থান প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গান্ধিগাঁও গ্রামের মানুষের জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী কবরস্থান প্রতিষ্ঠা করা ছিল মরহুম আব্দুস সামাদ সিকদারের দীর্ঘদিনের স্বপ্ন। তাঁর মৃত্যুর পর সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন পরিবারের সদস্যরা। এলাকাবাসীর সহযোগিতায় জমি কিনে কবরস্থান প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণের উদ্যোগ নেওয়া হয়।
এ উদ্যোগকে এলাকাবাসী জনকল্যাণমূলক ও মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁদের মতে, সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক দায়িত্ববোধ থাকলে মানুষের কল্যাণে মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।
মরহুম আব্দুস সামাদ সিকদারের রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে কবরস্থান প্রতিষ্ঠায় সহযোগিতাকারীদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেছেন সংশ্লিষ্টরা।
দক্ষিণ গান্ধিগাঁওয়ের এই কবরস্থান শুধু দাফনের নির্ধারিত স্থান নয়, বরং মরহুম আব্দুস সামাদ সিকদারের জনকল্যাণমূলক স্বপ্ন ও তাঁর পরিবারের মানবিক উদ্যোগের স্মারক হয়ে থাকবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।