মোঃ মিজানুর রহমান, খুলনা: খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ছিনতাইকালে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র: সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য।