চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা ৪ হাজার ৯৩০ কেজি চাল জব্দ করেছে প্রশাসন। চালগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় শহরের বিপণীবাগ বাজার এলাকা থেকে জব্দ করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে চাল বিতরণ করা হয়নি বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
পিকআপচালক শাহাদাত জানান, চাঁদপুর সিএসডি গোডাউন থেকে চাল নিয়ে তাঁকে কুমিল্লার লাকসামে যেতে বলা হয়েছিল। পরে পথে চাল ফেরত আনার নির্দেশ পেয়ে তিনি ফিরে আসেন। চালের টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি পরিমাণ উল্লেখ থাকলেও মালিকের নাম ছিল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, জেলেদের বরাদ্দের চাল জেলার বাইরে নেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে চালগুলো লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ বলে জানা গেছে। ঘটনায় একজন প্রশাসনিক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।