ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন শুটিংবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার শুটিংবাড়ী এলাকার মৃত জরিব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), চাঁনগাঁও এলাকার সাগর মিয়ার ছেলে মো. রবিন (২৮), পাড়াগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (৩২) এবং পাবনার চাটমোহর উপজেলার দক্ষিণ সেনগ্রাম এলাকার মৃত দিলবর আলীর ছেলে সোহেল তানভীর বিজয় (৩০)। সোহেল তানভীর বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও এলাকায় ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হাবিবুর রহমান ওরফে গেল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি এবং অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।