সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত বন্ধ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা যায়, ১০ অক্টোবরের হামলায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এবং তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং তা বন্ধ হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সরকার এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে বেসামরিক মানুষের জীবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।