খুলনা প্রতিনিধি: খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘সাবলম্বী প্রজেক্ট-০৬’ বাস্তবায়ন করেছে খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব। অক্টোবর মাসের সার্ভিস কার্যক্রমের আওতায় গত ০৫ অক্টোর,২০২৬ বিকাল-০৪:৩০ঘটিকায় খালিশপুর ১৫ নং ওয়ার্ডের কদমতলা মোড় এলাকার এক উদ্যোক্তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
প্রকল্পের সুবিধাভোগী উদ্যোক্তা হলেন খালিশপুরের কদমতলা মোড় এলাকার লোকমান হোসেন। প্রচলিতভাবে শুধু পোশাক বা অন্যান্য সামগ্রী বিতরণের পরিবর্তে একজন ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মীর মো. কবির হোসেন, ক্লাবের ট্রেজারার ও খুলনা সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়ন মো. শাহীন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রানা, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক রায়হান তানভীর সৌরভ, নজরুল ইসলাম, রাকিব হাসানসহ স্থানীয় বাসিন্দারা।
খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মীর মো. কবির হোসেন বলেন, “শুধু অক্টোবর মাস নয়, প্রতিটি মাসেই ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ভবিষ্যতেও চলমান থাকবে।”
কাউন্সিলর প্রার্থী লায়ন মো. শাহীন হাওলাদার বলেন, “প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এই সাবলম্বী প্রজেক্ট করা হয়েছে। যাকাতের শাড়ি, লুঙ্গি বিতরণের মতো প্রচলিত প্রথায় সাময়িকভাবে মানুষের উপকার করা সম্ভব হলেও এতে সমাজে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা কঠিন। একজন মানুষকে স্বাবলম্বী করে দিতে পারলে তার মাধ্যমে একটি পরিবার স্বচ্ছল হবে এবং একই সঙ্গে সমাজেরও উন্নতি হবে।”
তিনি আরও বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী ও জনমুখী কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার চেষ্টা করবেন।
ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।