শেরপুরের শ্রীবরদীতে নিলামে পুরাতন ভবন বিক্রির ৪ বছর পেরোলেও নির্মিত হয়নি নতুন ভবন: টিনের ঘরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিশুদের পড়াশোনা
টিনের তৈরি সামান্য একটি দোচালা ঘর। রোদে গরমে অতিষ্ঠ, আর বৃষ্টি এলেই শুরু হয় মাথার ওপর থেকে পানি পড়ার ভয়। এমন চরম দুর্দশা আর জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ক্লাস করছে শেরপুরের শ্রীবরদি উপজেলার কাউনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ চার বছর আগে একটি সুন্দর ও সুরক্ষিত ভবনের স্বপ্ন দেখিয়ে স্কুলের পুরাতন ভবনটি নিলামে বিক্রি করে দেন তৎকালীন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । নিলামের সময় আশ্বাস দেওয়া হয়েছিল শিগগিরই নির্মিত হবে সুদৃশ্য ও আধুনিক নতুন ভবন।
কিন্তু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়ে গেছে সব। চার-চারটি বছর কেটে গেলেও আজ পর্যন্ত নতুন কোনো ভবনের মুখ দেখেনি এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ফলে বাধ্য হয়েই টিনের এই ছোট ঘরে গাদাগাদি করে চালাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম।
প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, “সাবেক ইউএনও স্যার যখন আমাদের পুরাতন ভবনটি নিলামে বিক্রি করে দেন, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব দ্রুতই নতুন ভবনের কাজ শুরু হবে। কিন্তু দেখতে দেখতে প্রায় ৪ বছর কেটে গেল, আজও নতুন কোনো ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে আমরা এই ছোট টিনের দোচালা ঘরে কোনোমতে কোমলমতি শিশুদের নিয়ে ক্লাস চালাতে বাধ্য হচ্ছি। রোদ-বৃষ্টিতে শিশুদের অনেক কষ্ট হয়, পড়ালেখার পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি—অনতিবিলম্বে যেন এখানে একটি নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে এবং যেকোনো সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের জোড় দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা।