গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত করে আধুনিক ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক মো. পনির খন্দকার।
তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, পনির খন্দকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কালীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য, কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
পাশাপাশি সাংবাদিকতা পেশায় তিনি জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ ও ‘রাজধানী টেলিভিশন’-এ কর্মরত। এছাড়া জাসাস কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে জাসাস নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পনির খন্দকার বলেন, ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি, ভালোবাসার জায়গা। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। উন্নয়ন শুধু রাস্তাঘাট নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই টেকসই উন্নয়ন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসায় কাউন্সিলর নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড গড়ে তুলবো ।