চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টা এবং গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ১০ নম্বর ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম নবী বাদলের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহজাদী মোহছেনা আক্তার (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নবকলস (কাজী বাড়ি) গ্রামের মৃত কাজী বিল্লাল হোসেনের স্ত্রী শাহজাদী মোহছেনা আক্তারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা গোলাম নবী বাদলের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের পরিপ্রেক্ষিতে মতলব দক্ষিণ দেওয়ানি আদালতের ১১৭৯/২০২৬ নম্বর মামলায় সিনিয়র সিভিল জজ মো. সোহেল আহমেদ বিরোধপূর্ণ জমির বর্তমান অবস্থা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপরিবর্তিত রাখার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৯ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে আদালতের ওই আদেশ উপেক্ষা করে গোলাম নবী বাদল তাঁর বসতবাড়ির কাঁঠাল, আম ও কড়ইগাছ কেটে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, কাজী বিল্লাল হোসেন ১৯৯০ সালে জমিটি কিনেছিলেন। ২০২৫ সালে তাঁর মৃত্যুর পর জমি নিয়ে বিরোধ আরও জোরালো হয় বলে তাঁদের দাবি। ঘটনার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীকে লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে যায় বলে স্থানীয়রা জানান।
শাহজাদী মোহছেনা আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একা বসবাস করছেন। এ পরিস্থিতিতে জমি নিয়ে বিরোধের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত গোলাম নবী বাদলের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং আদালতের আদেশ অমান্যের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।