আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করায় এক সমবায় ব্যবস্থাপককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌরশহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পেপুলীজোড় কৃষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক মো. সেলিম মিয়া। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে সেলিম মিয়া অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আ. মান্নান বিভিন্ন ব্যাংক হিসাব ও উন্নয়ন কর্মসূচির এফডিআরের লভ্যাংশ থেকে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি।
সেলিম মিয়ার দাবি, অভিযোগ করার জেরে অভিযুক্ত কর্মকর্তা একটি ঘটনার দায় তাঁর ওপর চাপিয়ে পলাশবাড়ী থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারে যেতে হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, মামলা প্রত্যাহার এবং বিষয়টি তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।